Ridge Bangla

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য নিয়োগ পেলেন ড. আবদুল হাছিব

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-এর প্রথম উপাচার্য হিসেবে প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিবকে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তার মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর নির্ধারণ করা হয়েছে। উপাচার্য পদে যোগদানের আগে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও তিনি ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর ঐতিহ্যবাহী ও পুরোনো সাতটি সরকারি কলেজকে একটি সমন্বিত ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামোর অধীনে আনতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়।

This post was viewed: 4

আরো পড়ুন