ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা আব্দুল খালেক (৬৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আব্দুল্লাহ জানান, গত রাতে হঠাৎ করেই কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন আব্দুল খালেক। তাৎক্ষণিকভাবে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হলে তাঁদের নির্দেশে দ্রুত তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন।
কারা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৃত বন্দির কয়েদি নম্বর ৬৭১৮/এ। তাঁর পিতার নাম মৃত কফিল উদ্দিন। তিনি কোন মামলায় কারাভোগ করছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। ময়নাতদন্ত সম্পন্ন এবং কারা কর্তৃপক্ষের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।