Ridge Bangla

ঢাকা–বরিশাল মহাসড়কে বাস–ইজিবাইক সংঘর্ষে নিহত ৭ জন

মাদারীপুর সদর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। সর্বশেষ একজনের মৃত্যুতে হতাহতের সংখ্যা আরও বাড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কয়েক ঘণ্টা তীব্র যানজট সৃষ্টি হয়।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ঘটকচর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় দুই কিলোমিটার এলাকায় তিন ঘণ্টারও বেশি সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় রাত পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলে।

নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে কেন্দ্রুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০) এবং কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে ইজিবাইকচালক সাগর বেপারীর। এ ছাড়া আরও চারজন অজ্ঞাতনামা নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারী রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ‘সার্বিক পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি মাদারীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের এই অংশটি সরু হওয়ায় দ্রুতগতির যানবাহনে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন।

This post was viewed: 12

আরো পড়ুন