ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় গভীর রাতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে। আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাংলা স্টার’ পরিবহনের বাসটি ঢাকা থেকে পাবনা যাচ্ছিল। হঠাৎই একদল দুর্বৃত্ত বাসটিতে দাহ্য পদার্থ ছুড়ে মারে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। বাসচালক তাৎক্ষণিকভাবে বাসটি থামিয়ে দরজা খুলে দেন, ফলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির ভেতরের বেশ কিছু অংশ পুড়ে যায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা। ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।
পুলিশ বলছে, দুর্বৃত্তদের শনাক্তে মহাসড়কের পাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে যানবাহনে একের পর এক অগ্নিসংযোগের ঘটনার মধ্যে এটি নতুন সংযোজন, যা নিয়ে জনমনে উদ্বেগ আরও বেড়েছে।