ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।
এছাড়া খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত তাঁদের সংশ্লিষ্ট সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তাঁরা নির্ধারিত ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।