Ridge Bangla

ঢাকার ১৫ আসনে মনোনয়ন বাছাই শেষ, বৈধ প্রার্থী ১৩১ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার ১৫টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এসব আসনে মোট ১৯৪টি মনোনয়নপত্র জমা পড়েছিল।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাংবাদিকদের জানান, ঢাকার ১৩টি আসনের জন্য মোট ২৫৩টি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ পর্যন্ত ১৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১১৯টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, ৫৪টি বাতিল করা হয় এবং একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

তিনি জানান, স্থগিত থাকা মনোনয়নপত্রটি ঢাকা-১৮ আসনের প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন। সম্পূরক হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে মনোনয়নটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

মনোনয়ন বাতিল নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং অফিসার বলেন, মতপ্রকাশের স্বাধীনতা অনুযায়ী প্রত্যেক প্রার্থীই অভিযোগ জানাতে পারেন। তবে যেসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, সেগুলোর কারণ লিখিতভাবে সংশ্লিষ্ট প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। চাইলে তারা নির্বাচন কমিশন কিংবা আদালতে আপিল করতে পারবেন।

তিনি আরও জানান, বেশিরভাগ ক্ষেত্রে মনোনয়ন বাতিলের কারণ ছিল স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনসংক্রান্ত ত্রুটি, ঋণখেলাপি থাকা, হলফনামায় স্বাক্ষরের ঘাটতি, কাগজপত্রের অসংগতি, রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত সমস্যা এবং যথাযথ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর না থাকা।

এদিকে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের মনোনয়ন যাচাই প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, ঢাকা-১৩ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে এবং পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আর ঢাকা-১৫ আসনে ছয়জনের মনোনয়ন বৈধ হলেও তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে।

তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে, ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দাখিল করা যাবে, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি হবে। এছাড়া, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

This post was viewed: 22

আরো পড়ুন