বাড়িতে ফোন করে স্ত্রীকে জানিয়েছেন ঢাকায় যাবেন। কিন্তু রাজধানীতে না গিয়ে প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করছিলেন বরিশাল শহরে। এরপর স্ত্রী ও মায়ের কাছে ধরা পড়ার পর স্ত্রীকে মারধর করেন। এমনই কাণ্ড ঘটিয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা রবিউল ইসলাম।
গত রোববার (৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, স্বামীকে থামাতে গিয়ে এক সন্তানের জননী ওই স্ত্রী তার স্বামীর প্রকাশ্যে হামলার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েন। মুলাদী উপজেলার সেকান্দার মল্লিকের মেয়ে আঁখির সঙ্গে প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে রবিউলের বিয়ে হয়। এই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে।
রবিউলের মা জানান, ছেলের সঙ্গে আগে এক নারীর পরিচয় ছিল এবং সেই নারী তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। ওই মামলা পরিচালনায় বেকার রবিউলের পরিবারের বিপুল অর্থ ব্যয় হয়। সম্প্রতি সেই একই নারীর সঙ্গে আবারও সম্পর্কের অভিযোগ উঠলে তার স্ত্রীর সন্দেহ হয়।
স্ত্রী আঁখি জানান, শনিবার সকালে রবিউল বাড়ি থেকে বেরিয়ে আর যোগাযোগ রাখেননি। সন্ধ্যায় ফোনে তিনি ঢাকায় যাওয়ার কথা বলেন। সন্দেহ হওয়ায় তিনি রোববার দুপুরে শাশুড়িকে সঙ্গে নিয়ে স্বামীর খোঁজে শহরে আসেন। ফজলুল হক এভিনিউ সড়কে স্বামীকে এক নারীর সঙ্গে দেখে সামনে এগোতেই তারা পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।