আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় জুটি আদর আজাদ ও শবনম বুবলীকে। নতুন এই সিনেমার নাম ‘ঢাকাইয়া দেবদাস’, যা নির্মাণ করছেন পরিচালক জাহিদ হোসেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে জমকালো মহরতের মধ্য দিয়ে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
নির্মাতা জানান, এটি কেবল প্রেমের গল্প নয়—এর ভেতর দিয়ে ফুটে উঠবে পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের সহাবস্থান। জাহিদ হোসেন বলেন, “জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনের জায়গা পুরান ঢাকা। এখানে সবাই মিলে উদযাপন করে সাকরাইন, ঈদ, নববর্ষ, পূজা-পার্বণ। সেই সংস্কৃতির বৈচিত্র্যই এই ছবিতে তুলে ধরব।”
তিনি আরও বলেন, “অনেকেই জানে না পুরান ঢাকার কৃষ্টি কত সমৃদ্ধ। এই চলচ্চিত্রে ঢাকাবাসীর জন্ম-মৃত্যু, বিয়ে, ব্যবসা-বাণিজ্যসহ পারিবারিক ও সামাজিক নানা ঐতিহ্য তুলে ধরা হবে। এতে থাকবে নববর্ষের গান, ক্বাসিদা, কাওয়ালি, হিজড়া সম্প্রদায়ের গান ও শিয়াদের শোকগীতি—যা পুরান ঢাকার জীবনেরই প্রতিফলন।”
প্রেম ও সংস্কৃতির এই গল্পে আদর আজাদ ও বুবলীর রসায়ন দর্শকদের নতুন করে মুগ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নির্মাতা। জানা গেছে, আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে ছবির শুটিং।
‘ঢাকাইয়া দেবদাস’-এ আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। নির্মাতার প্রত্যাশা, এই চলচ্চিত্রের মাধ্যমে দর্শক পুরান ঢাকার সংস্কৃতির রঙিন, প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী এক দুনিয়া আবিষ্কার করবেন।