রাশিয়ার ড্রোন হামলা থেকে গুরুত্বপূর্ণ সড়ক ও রসদপথ সুরক্ষিত রাখতে চার হাজার কিলোমিটার সড়ক ড্রোনরোধী জালে ঢেকে ফেলার পরিকল্পনা নিয়েছে ইউক্রেন। সরাসরি যুদ্ধক্ষেত্রসংলগ্ন এলাকাগুলোতে ইতিমধ্যে কাজ জোরদার করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ প্রকল্পটি শেষ করতে চায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত বুধবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ এ তথ্য জানান। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের ভেতরে সামরিক রসদ সরবরাহের পথ ও ঘাঁটিগুলো লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালাচ্ছে। গত এক বছরে উল্লেখযোগ্য পরিমাণ জাল স্থাপন করা হলেও বর্তমান পরিস্থিতিতে তা আরও বিস্তৃত করা প্রয়োজন।
রুশ ড্রোন মোকাবিলা ও সামগ্রিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে ইউক্রেনের বাজেটে প্রায় ৩ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, আকাশপথে হামলার ঝুঁকি বাড়ায় স্থলপথের অবকাঠামো রক্ষায় এ ধরনের জাল একটি কার্যকর প্রতিরক্ষামূলক কৌশল হতে পারে, যদিও এটি সম্পূর্ণ সমাধান নয়।