Ridge Bangla

ডাকযোগে কলেজ শিক্ষকের কাছে কাফনের কাপড়ের আগমন

নাটোরের গুরুদাসপুরে একটি মহিলা কলেজের দুই শিক্ষককে পার্সেলযোগে কাফনের কাপড় পাঠানো হয়েছে অজ্ঞাতনামা পরিচয়ে। রোববার (১২ এপ্রিল) দুপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের এই চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী দুই শিক্ষক হলেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ। কলেজ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ডাক বিভাগের এক কর্মী তাঁদের নামে আসা বড় সাইজের দুটি খাম দিয়ে যান। রোববার শিক্ষকরা কলেজে এসে সেই প্যাকেটগুলো খুললে ভেতরে ভাঁজ করা চার খণ্ড নতুন কাফনের কাপড় দেখতে পান। আকস্মিক এই ঘটনায় ভীত হয়ে তাঁরা দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন।

কলেজের অফিস শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেনের নামে আসা খামটিতে প্রেরক হিসেবে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার লিখন হোসেন এবং আব্দুস সামাদের প্যাকেটে জনি আহমেদ নামে জনৈক ব্যক্তির নাম উল্লেখ ছিল। দুটি পার্সেলেই প্রেরকের স্থান হিসেবে তাড়াশের নাম উল্লেখ রয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গুরুদাসপুর থানা পুলিশ। তারা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঠানো কাপড়গুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।

This post was viewed: 7

আরো পড়ুন