Ridge Bangla

টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) সংঘটিত এ বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই জরুরি ব্যবস্থাপনা বিভাগ পোর্ট আর্থার শহরের সংলগ্ন এলাকার মানুষদের দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ জারি করে। নিরাপত্তাজনিত কারণে আশপাশের বিস্তৃত এলাকাকেও সতর্ক অবস্থায় রাখা হয়।

ঘটনাস্থলের শোধনাগারটি যুক্তরাষ্ট্রভিত্তিক তেল ও গ্যাস কোম্পানি ভালেরোর মালিকানাধীন। বিস্ফোরণের পর প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, সব কর্মীর অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং কেউ নিখোঁজ নেই। কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, শোধনাগার এলাকায় বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের বহু বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

শোধনাগারটি পোর্ট আর্থার, টেক্সাস এলাকায় অবস্থিত, যা টেক্সাসের বৃহত্তম শহর হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে। স্থানীয় সূত্র জানায়, এটি একটি গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন কেন্দ্র, যেখানে প্রায় ৮০০ কর্মী কাজ করেন এবং দৈনিক প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়।

This post was viewed: 2

আরো পড়ুন