Ridge Bangla

টেকনাফে মানবপাচারকালে আটক ৫ জন, উদ্ধার ৫৫ জন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারের চেষ্টা নস্যাৎ করে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় নারী ও শিশুসহ মোট ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহারছড়া সমুদ্র এলাকায় বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশুকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়ার খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বাহারছড়া, শাহপরীর দ্বীপ ও স্টেশন টেকনাফ আউটপোস্টের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ৩ জন নারী, ৩৯ জন পুরুষ ও ১৩ জন শিশুসহ মোট ৫৫ জনকে উদ্ধার করতে সক্ষম হন। একই সঙ্গে পাচারচক্রের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, পাচারকারীরা উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে পাচারের পরিকল্পনা করছিল।

This post was viewed: 11

আরো পড়ুন