Ridge Bangla

টেকনাফের হোয়াইক্যাং পাহাড়ে সশস্ত্র ডাকাতদলের হাতে ৬ কৃষক অপহৃত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র ডাকাতদল ছয়জন কৃষককে অপহরণ করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হোয়াইক্যাং ইউনিয়নের ঝিমংখালী ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। অপহৃতদের সন্ধানে প্রশাসন অভিযান শুরু করেছে।

অপহৃত কৃষকরা হলেন হোয়াইক্যাং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের মো. জমির (৩০), মো. মুন্না (২৫), মো. মাহাত আলম (৩০), মো. রফিক (৩৫), মো. মোজাহার (৫০) ও মোস্তাক আহমেদ (২৭)। তারা নিয়মিত কৃষিকাজের জন্য পাহাড়ে যেতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরের দিকে হোয়াইক্যাং ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়া পাড়া, ঝিমংখালী ও মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় কাজ করতে গেলে সশস্ত্র পাহাড়ি ডাকাতদলের সদস্যরা অস্ত্রের মুখে ওই ছয় কৃষককে অপহরণ করে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে অপহৃতদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করেন এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

এদিকে হোয়াইক্যাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ঝিমংখালী গ্রামের ছয়জন অপহরণের খবর পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

This post was viewed: 2

আরো পড়ুন