ক্রিকেটে প্রোটিয়া বা দক্ষিণ আফ্রিকা ‘চোকার্স’ তকমা নিয়ে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলে যাচ্ছে। যে কোনো বৈশ্বিক বড় টুর্নামেন্টে প্রথম থেকে খুব ভালো খেলে চূড়ান্ত মুহূর্তে এসে তারা কেন যেন খেই হারিয়ে ফেলে। ২০২৬ সালের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রোটিয়াদের ক্ষেত্রে একই বিষয়ের পুনরাবৃত্তি দেখা গেল।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই ব্যাপক ফর্মে ছিল প্রোটিয়ারা। এমন ফর্মে থাকা দল এবারের বিশ্বকাপে এসে নিজেদের প্রথম ম্যাচ থেকে গ্রুপ পর্ব এবং সুপার এইটের সবগুলো ম্যাচ দাপটের সঙ্গে জয়লাভ করে নকআউট পর্বের সেমিফাইনালে উত্তীর্ণ হয়। সবচেয়ে দাপুটে দল হয়েও নকআউট পর্বে এসে ফের পুরোনো বৃত্তে বন্দি হলো দক্ষিণ আফ্রিকা। গতকাল ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে স্নায়ুচাপ আর বড় ম্যাচের চাপে ভেঙে পড়ার পুরোনো ইতিহাসই যেন ফিরে এল প্রোটিয়াদের সামনে।
অপরদিকে সুপার এইট রাউন্ডে দুটি ম্যাচ হেরেও নকআউট পর্বে এসে তাদের কৌশলগত বুদ্ধিমত্তা আর অদম্য মানসিকতার পরিচয় দিয়ে দক্ষিণ আফ্রিকাকে বিরাট ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপের ফাইনালে অবতীর্ণ হয় নিউজিল্যান্ড।
বুধবারের এবারের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে খেলবে ব্ল্যাকক্যাপসরা। এর আগে ২০২১ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড।
সেমিফাইনালে কিউই ওপেনার ফিন অ্যালেনের রেকর্ডগড়া সেঞ্চুরিতে পাত্তাই পেল না প্রোটিয়ারা। বোলারদের রীতিমতো তুলোধুনো করে ৪৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
টস হেরে আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় ১০ রানের মাথায় কুইন্টন ডি কককে হারায়। ঠিক পরের বলেই রায়ান রিকেলটনকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে সম্মানজনক পুঁজি উপহার দিতে দায়িত্বশীল ব্যাটিং করেন মার্কো জানসেন। ৩০ বলে দুই চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৫ রানের ঝলমলে ইনিংস খেলেন জানসেন। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে।
১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড এক টর্নেডো ইনিংস খেলে। ফিন অ্যালেন ও টিম সাইফার্ট শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর তাণ্ডব চালান। মাত্র ১২.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৭০ রান তুলে রাজকীয়ভাবে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। কিউই ওপেনার ফিন অ্যালেন ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ১০০ রান পূর্ণ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই ম্যাচে ফিন অ্যালেন ৩৩ বলে ১০০ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়েন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৮ (জানসেন ৫৫*, ব্রেভিস ৩৪, স্টাবস ২৯; হেনরি ২/৩৪, রবীন্দ্র ২/২৯, কোল ম্যাকনকি ২/৯)। নিউজিল্যান্ড: ১২.৫ ওভারে ১৭৩/১ (অ্যালেন ১০০*, সাইফার্ট ৫৮; রাবাদা ১/২৮)। ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা: ফিন অ্যালেন।