Ridge Bangla

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নেদারল্যান্ডস

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে মাস খানেক বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড (কেএনসিবি) আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে ডাচরা। ডাচদের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার ব্যাটার স্কট এডওয়ার্ডস।

এছাড়াও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রুলফ ভ্যান ডার মার্ভে, বাস দে লিডে, মিচেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেট। দলে একাধিক পরিবর্তন এনে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একটি দল গঠন করেছে ডাচ ক্রিকেট বোর্ড। এই দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, যাদের অধিকাংশই আগে এক বা একাধিক টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। ২০২৪ সালের নভেম্বরে শেষ টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানকেও ফেরানো হয়েছে।

দলের মধ্যে ৩৪ বছর বয়সী স্পিন অলরাউন্ডার কলিন অ্যাকারম্যান এবং পেসার টিম ভ্যান ডার গুগটেন সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। এই দুজন অভিজ্ঞ ক্রিকেটারকেও দলে নেওয়া হয়েছে। অন্যদিকে ৩৫ বছর বয়সী অভিজ্ঞ পেসার লোগান ভ্যান বিকের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২৪ সালের জুলাইয়ে।

আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। ডাচরা এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত।

নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, নোয়া ক্রোস, বাস দে লিডে, আরিয়ান দুত্ত, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, ম্যাক্স ও’ডাউড, লোগান ভ্যান বিক, টিম ভ্যান ডার গুগটেন, রুলফ ভ্যান ডার মার্ভে, পল ভ্যান মিকেরেন, সাকিব জুলফিকার।

This post was viewed: 9

আরো পড়ুন