টিকিটবিহীন যাত্রীদের অর্থের বিনিময়ে ট্রেনে ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেল কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের স্বাক্ষরিত আদেশে শনিবার (৩১ জানুয়ারি) বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হয়। বিষয়টি রোববার (১ ফেব্রুয়ারি) রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী নিশ্চিত করেন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রুটের ৭০৪ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেসের ‘ঞ’ নম্বর বগিতে দায়িত্বে থাকা স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মো. মোস্তাফিজুর রহমান লিমনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।