টানা দুই মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা। নির্বাচন কমিশন (ইসি) রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এই কার্যক্রম পুনরায় চালু করে।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, ভোটার তালিকা প্রণয়নসহ নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজ শেষ হওয়ায় এখন স্বাভাবিক কার্যক্রমে ফেরা সম্ভব হয়েছে। তিনি বলেন, “আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই আজ থেকে এনআইডি সংশোধন সেবা আবার চালু করা হলো।”
তিনি আরও জানান, এতদিন এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। এর মধ্যে অন্যতম ছিল আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) এবং ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইপিসিভি) সিস্টেমের বড় পরিসরের কারিগরি কাজ। এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এ ছাড়া ভোটের মাঠে প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণের প্রক্রিয়াও এনআইডি সংশোধন সেবা বন্ধ রাখার একটি বড় কারণ বলে জানান তিনি। কাজগুলো শেষ হওয়ায় এখন আর এই সেবা বন্ধ রাখার প্রয়োজন নেই।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনআইডির তথ্যের অপব্যবহার বা অনিয়ম বন্ধ করতে নির্বাচন কমিশন গত বছরের ২৪ নভেম্বর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছিল। সর্বশেষ নতুন নির্দেশনার মাধ্যমে পুনরায় সাধারণ নাগরিকদের জন্য এই সেবা চালু করা হলো।