Ridge Bangla

টাঙ্গাইলে ৫টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৫টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট নওশাদ আলমের নেতৃত্বে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট নওশাদ আলম জানান, অভিযান চলাকালে ইটভাটাগুলোকে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের দায়ে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের অপরাধে জরিমানা করা হয়েছে। কালামাঝি গ্রামের বিজয় ব্রিক্সকে ৫ লাখ, কুড়ালিয়া গ্রামের সিটি ব্রিক্স, এস.কে.বি ব্রিক্স, তিতাস ব্রিক্স ও দড়িহাতিল গ্রামের মধুপুর ব্রিক্সের মালিকদের প্রতি ৬ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে জেলা পরিবেশ অধিদফতরের পরিচালক বিপ্লব কুমার সূত্রধর, উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, মধুপুর থানা পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই উদ্যোগে স্থানীয় পরিবেশ সুরক্ষা, অপরিকল্পিত ইটভাটার নিয়ন্ত্রণ এবং জ্বালানি ব্যবহারের নিয়মকানুন বাস্তবায়নের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। অভিযানের মাধ্যমে অবৈধ কাঠ ব্যবহারের পাশাপাশি ইটভাটাগুলোর পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করা ও আইনানুগ শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন