Ridge Bangla

জ্বালানি সংকটের আশঙ্কা, ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশেও সম্ভাব্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা সচল রাখতে ব্যক্তিগত পরিবহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিভিন্ন উৎস থেকে নির্ধারিত সময় ও পরিমাণে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে দেশের অভ্যন্তরে চাহিদা অনুযায়ী সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে অথবা সরবরাহ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এতে বিদ্যুৎ ও সারের উৎপাদন কিছুটা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পবিত্র মাহে রমজানে জনদুর্ভোগ কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে সরকার।

পরিস্থিতি মোকাবিলায় সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে মন্ত্রণালয় বলেছে, নাগরিকদের দায়িত্বশীল আচরণই পারে সম্ভাব্য সংকট মোকাবিলায় সহায়ক হতে। ব্যক্তিগত যানবাহনের ব্যবহার সীমিত রেখে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সব ধরনের অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। খোলাবাজারে ডিজেল ও পেট্রল বিক্রয় বন্ধ রাখতে ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন