দেশে জ্বালানি তেলের মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন জেলায় ডিপোগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। এর ফলে দেশে অননুমোদিতভাবে তেল মজুতের কিছু অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এসব অনিয়ম ঠেকানো, জ্বালানি বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী এলাকায় দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সেখান থেকেই দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
গত ২৫ মার্চ সকাল থেকে দেশের ৯টি জেলার মোট ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপো রয়েছে।
মোতায়েনকৃত সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি চালাচ্ছেন এবং প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়ন নিশ্চিত করছেন। পাশাপাশি, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ মজুত ও বিক্রয় প্রতিরোধের পাশাপাশি সম্ভাব্য নাশকতা ঠেকাতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া, সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে। সংশ্লিষ্ট ডিপো এলাকায় বিজিবির দৃশ্যমান উপস্থিতি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের মাঝে আস্থা তৈরি করছে।
অন্যদিকে, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। নৌ টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত তল্লাশির পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতেও নজরদারি জোরদার করা হয়েছে এবং আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।