Ridge Bangla

জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের আহ্বান নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অবিলম্বে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনৈতিক সংস্কারের জন্য জুলাই সনদে যেসব প্রস্তাব ও অঙ্গীকার করা হয়েছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সংবিধান সংস্কার। তাই দ্রুত একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বিদেশি কূটনীতিকদের উদ্দেশে বক্তব্যে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের যে গতি প্রত্যাশিত ছিল, বাস্তবে তা ব্যাহত হচ্ছে। ফলে সংস্কার প্রক্রিয়া কাঙ্ক্ষিত অগ্রগতি পাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি সরকারের কাছে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

This post was viewed: 2

আরো পড়ুন