Ridge Bangla

জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না: আ. লীগকে প্রেস সচিবের সতর্কবার্তা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনের যেকোনো বিক্ষোভ বা সংঘর্ষের চেষ্টা আইনানুগ শক্তির মাধ্যমে কঠোরভাবে দমন করা হবে।

সোমবার (১০ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।

শফিকুল আলম পোস্টে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ (বিএএল) এবং তাদের সমর্থকরা মনে করছেন, তারা ২৮ অক্টোবর, ২০০৬ সালের মতো প্রকাশ্য দিবালোকে মানুষের উপর হামলা চালিয়ে রাস্তা দখলের জন্য হাজার হাজার মানুষকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাতে পারবে। কিন্তু এটি সম্ভব নয়। এটি নতুন বাংলাদেশ।

তিনি আরও বলেন, নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যেকোনো বিক্ষোভ বা সহিংস কর্মকাণ্ড আইন অনুযায়ী দমন করা হবে। কেউ যেন জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করার চেষ্টা না করে। মনে রাখবেন, এটি ২৮ অক্টোবর, ২০০৬ নয়। এটি জুলাই বিপ্লবের যুগ।

প্রেস সচিবের এই পোস্টে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যেকোনো ধরনের অস্থিতিশিলতা বা নাশকতার চেষ্টা সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না। তিনি দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

This post was viewed: 28

আরো পড়ুন