বাংলাদেশের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের কলম’ আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত জিএসএমএ ডিজিটাল নেশন সামিট ২০২৫ আসিয়ান সংস্করণে চলচ্চিত্রটি পেয়েছে ‘এক্সিলেন্স ইন সাসটেইনেবিলিটি ভিডিও অ্যাওয়ার্ড’। গ্রামীণফোনের কর্পোরেট পোর্টফোলিও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনের প্রধান শারমিন রহমান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন।
আসিয়ান অঞ্চলের ১৭টি মনোনীত কনটেন্টের মধ্যে কঠোর মূল্যায়নের পর বিচারক প্যানেল গ্রামীণফোনকে বিজয়ী ঘোষণা করে। এই পুরস্কার সাধারণত এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অন্তর্ভুক্তি, টেকসই উন্নয়ন এবং সামাজিক উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
‘কাগজের কলম’-এ যশোরের উদ্যোক্তা নাসিমা আখতারের বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে। নাসিমা পরিবেশবান্ধব ‘শুভ কলম’ উদ্ভাবন করেছেন, যা ব্যবহারের পর মাটিতে রোপণ করলে গাছে পরিণত হয়। তার এই উদ্ভাবন স্থানীয় নারীদের জন্য কর্মসংস্থান ও পরিবেশবান্ধব জীবনধারার অনুপ্রেরণা যুগিয়েছে।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন মানুষ তার ধারণাকে বাস্তবে রূপ দিতে পারে। এই স্বীকৃতি প্রমাণ করে, শক্তিশালী ধারণা ও দৃঢ় প্রতিজ্ঞাই অর্থবহ পরিবর্তনের সূচনা করে।”