বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক ও তারকা পেসার জাহানারা আলমের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে।
বিসিবি সূত্রে জানা গেছে, জাহানারা আলম অভিযোগ করার পর তা যাচাই করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়। জাহানারা কমিটিকে লিখিতভাবে চারটি নির্দিষ্ট অভিযোগ করেছেন। তদন্তের পর গত ৪ ফেব্রুয়ারি বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে প্রমাণ পেয়েছে, যা মঞ্জুরুলের অসদাচরণের স্পষ্ট দৃষ্টান্ত। বাকি দুটি অভিযোগে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় সেগুলো প্রমাণিত হয়নি।
চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, মঞ্জুরুল ইসলাম ঘরোয়া বা আন্তর্জাতিক- কোনো পর্যায়ের ক্রিকেট কার্যক্রমে আর অংশগ্রহণ করতে পারবেন না। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও দেশে ফিরে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। মঞ্জুরুল বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চাকরিতে নিয়োজিত, তবে গত বছরের ৩০ জুনের পর থেকে তিনি বিসিবির কোনো দায়িত্বে ছিলেন না।