Ridge Bangla

জামদানির রাজকীয় সাজে মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন মিথিলা

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এ বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। বিশ্বমঞ্চে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের শতাব্দীপ্রাচীন গর্ব জামদানি শাড়ি। জাতীয় পোশাক প্রদর্শনীতে তার এই চয়ন আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ দৃষ্টি কাড়ে।

আজ বুধবার (১৯ নভেম্বর) ভোটগ্রহণের শেষ দিনে দেশবাসীর প্রতি সমর্থন চেয়ে মিথিলা বলেন, “আমরা দেখিয়ে দিয়েছি, বাঙালিরা চাইলে অনেক কিছুই করতে পারে। আজই শেষ দিন, আশা করি বাংলাদেশ আবার এক নম্বরে যাবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে মিথিলা জানান, তার বেছে নেওয়া রাজকীয় জামদানি শাড়িটি বাংলাদেশের সমৃদ্ধ ও অভিজাত ঐতিহ্যের প্রতীক। মুঘল আমল থেকে শুরু করে বাংলার নবাব ও জমিদার পরিবারের পৃষ্ঠপোষকতায় বিকশিত এই জামদানি আজও বাঙালির গৌরবের পরিচয় বহন করে।

মিথিলার ভাষায়, “এর প্রতিটি সুতোয় আছে শিল্প, নিষ্ঠা এবং অমলিন আভিজাত্য।” নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরের তাঁতিদের হাতে বোনা এই শাড়িতে ব্যবহৃত হয়েছে উৎকৃষ্ট মানের সুতির তন্তু এবং স্বর্ণালী জরি মোটিফ। শাড়ির ডিজাইনে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার নান্দনিক নকশা। পুরো শাড়িটি তৈরি করতে দেড় শতাধিক দিন শ্রম দিয়েছেন দক্ষ তাঁতিরা। ডিজাইন করেছেন আফ্রিনা সাদিয়া সৈয়দা। উল্লেখ্য, ২০১৩ সালে ইউনেস্কো জামদানিকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। যা এই প্রাচীন তাঁত শিল্পকে বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করেছে।

This post was viewed: 33

আরো পড়ুন