Ridge Bangla

জাভেদকে এফডিসিতে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা

জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদের মৃত্যুতে আজ বুধবার বিকেলে এফডিসি প্রাঙ্গণে তার সহশিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা শেষ শ্রদ্ধা জানান। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অভিনেতা উজ্জল, আলমগীর, রুবেল, ওমর সানী, মিশা সওদাগরসহ অনেক শিল্পী ও নির্মাতা। এ সময় বিভিন্ন সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বাদ আসর সেখানে ইলিয়াস জাভেদের জানাজা অনুষ্ঠিত হয়।

৮২ বছর বয়সে জাভেদ আজ সকাল সাড়ে ১১টায় ঢাকার উত্তরার একটি হাসপাতালে মারা যান। এফডিসিতে প্রথম জানাজা শেষে তাকে উত্তরার ১২ নম্বর সেক্টরের বড় মসজিদসংলগ্ন কবরস্থানে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে মাগরিবের পর তাকে দাফন করা হবে।

তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন এবং হৃদ্‌রোগজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন; এর আগে দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। ১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়া জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক ঘটে জাভেদের। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর শাবানার সঙ্গে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

তিনি একজন নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মাধ্যমে অভিষেক হলেও পরবর্তীতে তিনি নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করে শতাধিক চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন। ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’ ও ‘সাহেব বিবি’সহ বহু আলোচিত ছবিতে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত।

This post was viewed: 4

আরো পড়ুন