জাপানের মধ্যাঞ্চলের একটি মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অন্তত ৫০টি গাড়ির সংঘর্ষ ঘটে। এতে দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। জাপানের পুলিশের বরাতে জানা গেছে, দুটি ট্রাকের সংঘর্ষ থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হয়, যা মুহূর্তেই ভয়াবহ ‘চেইন রিঅ্যাকশন’-এ রূপ নেয়। এতে অন্তত ১০টি যানবাহনে আগুন ধরে যায়।
নিহতদের মধ্যে রয়েছেন টোকিওর ৭৭ বছর বয়সী এক নারী। অপর এক নিহত ব্যক্তিকে সম্পূর্ণ পুড়ে যাওয়া একটি ট্রাকের চালকের আসনে পাওয়া যায়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর, বাকিরা সামান্য আহত বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার সময় এলাকায় ভারী তুষারপাতের সতর্কতা জারি ছিল। পুলিশের ধারণা, বরফে ঢাকা পিচ্ছিল সড়কে ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে।
২৬ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গুনমা প্রিফেকচারের মিনাকামি এলাকায় কান-এৎসু এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লাগে।
ঘটনার পর মহাসড়কের একটি বড় অংশ বন্ধ করে দেওয়া হয়। অনেক গাড়ি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় সেগুলো সরাতে কাজ চলছে। সড়ক পরিচালনাকারী সংস্থা নেক্সকো জানিয়েছে, আগুনে রাস্তার ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে এবং আপাতত ওই সড়ক ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।