Ridge Bangla

জাতীয় সংসদ নির্বাচন: মঙ্গলবার শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার (২০ জানুয়ারি)। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এ সময়ের পর আর কোনো প্রার্থীর নাম প্রত্যাহারের সুযোগ থাকবে না। প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামী ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং একই দিন প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইসি সূত্রে আরও জানা গেছে, ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচার কার্যক্রম চালাতে পারবেন। এরপর নির্ধারিত বিরতি শেষে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপিল শুনানি শেষে সারা দেশে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৫৪ জন। কোনো কোনো আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিলে এবং তারা সবাই বৈধ হলে সংশ্লিষ্ট দলকে মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত প্রার্থী নির্ধারণের সিদ্ধান্ত জানাতে হবে। এ ক্ষেত্রে দলের পক্ষ থেকে কাকে রেখে বাকিদের প্রার্থিতা প্রত্যাহার করা হবে, সে বিষয়টি স্পষ্ট করতে হবে।

This post was viewed: 13

আরো পড়ুন