Ridge Bangla

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব জেলা-উপজেলায় মোতায়েন সশস্ত্র বাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা পৌঁছে গেছেন বলে জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল আলী হাইদার সিদ্দিকী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৈঠকে আসন্ন নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্রিগেডিয়ার জেনারেল আলী হাইদার সিদ্দিকী বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সশস্ত্র বাহিনীর তিনটি শাখার সদস্যদের আগেভাগেই মাঠপর্যায়ে মোতায়েন করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসন, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে তারা দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানে এখন পর্যন্ত সেনাবাহিনী ৭ হাজার ৭৩১টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। এসব অভিযানের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও সহিংসতামুক্ত রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, ভোটের দিন ও তার আগে-পরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে সশস্ত্র বাহিনী। একই সঙ্গে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

This post was viewed: 5

আরো পড়ুন