Ridge Bangla

জাতীয় সংসদে পাস আরও ১০ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে আরও ১০টি বিল পাস হয়েছে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশকে স্থায়ী আইনি রূপ দিতেই এসব বিল সংসদে উত্থাপন করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের ১৩তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিলগুলো কণ্ঠভোটে পাস হয়।

এদিন সংসদে উত্থাপিত বিলগুলোর ওপর কোনো সদস্যের পক্ষ থেকে কোনো প্রকার সংশোধনী বা আপত্তি প্রস্তাব না আসায় কোনো দীর্ঘ আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা বিলগুলো পাসের প্রস্তাব করলে উপস্থিত সংসদ সদস্যরা তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর আগে সংসদীয় বিশেষ কমিটি এগুলোর মধ্যে ৯৮টি অধ্যাদেশকে কোনো পরিবর্তন ছাড়াই আইনে রূপান্তরের সুপারিশ করেছিল। এছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধন করে পাসের প্রস্তাব করা হয়। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি অধ্যাদেশকে আরও পরিমার্জনের মাধ্যমে নতুন করে পেশ করার সিদ্ধান্ত নেয় কমিটি। পাস হওয়া বিলগুলো বিশেষ কমিটির সেই অপরিবর্তিত তালিকার অংশ ছিল।

সকালের অধিবেশনে আইনি বৈধতা পাওয়া ১০টি বিলের মধ্যে উল্লেখযোগ্য হলো দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উন্নয়ন কর্তৃপক্ষ-সংক্রান্ত বিল। এগুলো হলো, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬।

এছাড়া প্রশাসনিক ও আর্থিক খাতের আরও পাঁচটি বিল পাস হয়, যার মধ্যে রয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল ২০২৬, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল ২০২৬, আমানত সুরক্ষা বিল ২০২৬, এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল ২০২৬ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিল।

This post was viewed: 3

আরো পড়ুন