আজ জাতীয় শহীদ সেনা দিবস আজ। ২০০৯ সালের এই দিনে তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এর সদর দপ্তর রাজধানীর পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হন।
সেই মর্মান্তিক ঘটনার স্মরণে ২৫ ফেব্রুয়ারি দেশে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ গত বছর থেকে রাষ্ট্রীয়ভাবে পালন করা শুরু হয়। শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ, তাদের আত্মার মাগফেরাত কামনা এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এ বছর দিনটি উদযাপন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী তৎপরতা জড়িত ছিল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দিনটি যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করা হয়নি। তবে ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে এটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে।
আজ সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সেনাদের রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পিলখানার হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বিচারাধীন বিষয় হওয়ায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। তবে এত বছর পরও পরিকল্পনাকারীদের অনেকে বিচারের আওতায় না আসায় দেশবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে। সরকার জানিয়েছে, এ ঘটনায় নতুন করে তদন্ত কমিশন গঠন করে পুনঃতদন্তের উদ্যোগ নেওয়া হবে।