জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের পূর্ণ প্রমাণ রাখতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহরুল আলম। তিনি বলেন, জনগণের আস্থা রক্ষা ও একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব ইন্টিগ্রিটি’-তে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপি প্রবেশনারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন আইজিপি। তিনি জানান, দীর্ঘ সময় নিয়োগবঞ্চিত থাকার পর আইনি প্রক্রিয়া শেষে যেসব কর্মকর্তার নিয়োগ কার্যকর হয়েছে, তা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ন্যায্যতার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনকাল অতিক্রম করছে। বাহিনীর মনোবল বৃদ্ধি ও জনআস্থা পুনরুদ্ধারে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এএসপি প্রবেশনারদের পূর্ববর্তী কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ভবিষ্যৎ নেতৃত্ব ও পেশাগত দক্ষতা গঠনে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আধুনিক পুলিশিং কেবল শারীরিক সক্ষমতার ওপর নির্ভরশীল নয়। সাইবার অপরাধ বৃদ্ধি, সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠনের প্রভাব এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির প্রেক্ষাপটে বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত দক্ষতা ও বৈশ্বিক সচেতনতা অপরিহার্য। ডিজিটাল পরিসরেও সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আইজিপি এএসপি প্রবেশনারদের সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও বিধি-বিধান মেনে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ আয়োজনে ২৭তম ব্যাচের ৬০ জন, ২৮তম ব্যাচের ১ জন এবং ৪৩তম ব্যাচের ৬ জন কর্মকর্তা এএসপি প্রবেশনার হিসেবে অংশ নেন।