Ridge Bangla

জাতীয় নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ড. ইউনূস বলেন, সব দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। বরং নির্বাচন হবে আরও উৎসবমুখর ও ব্যয় সাশ্রয়ী। তিনি জানান, গণভোটের জন্য প্রয়োজনীয় আইন যথাসময়ে প্রণয়ন করা হবে এবং জুলাই সনদ অনুযায়ী গণভোটের ব্যালটে উপস্থাপনযোগ্য প্রশ্ন নির্ধারণ করা হয়েছে।

ভাষণে প্রধান উপদেষ্টা গণভোটের প্রশ্নটি পাঠ করে শোনান:

“আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫এ বর্ণিত সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন?

গণভোটে মূলত চারটি প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে-
১. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদ অনুযায়ী গঠন,
২. দুই কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা,
৩. নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ ও বিচার বিভাগের স্বাধীনতা,
৪. রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে অন্যান্য সংস্কার বাস্তবায়ন।

প্রধান উপদেষ্টা জানান, নাগরিকরা এই চারটি বিষয়ে একটিমাত্র প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোট পাওয়া গেলে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যা ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার সম্পন্ন করবে। তার ভাষণটি বিটিভি, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হয়।

This post was viewed: 40

আরো পড়ুন