Ridge Bangla

জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে তা মূল্যহীন: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা না হলে সেটি সম্পূর্ণ মূল্যহীন হবে। তিনি বলেন, “আমাদের অবস্থান একেবারে পরিষ্কার—গণভোট আগে হতে হবে, নইলে এর দুই পয়সারও মূল্য থাকবে না।”

শুক্রবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় লন্ডনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র সফর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। জুলাই অভ্যুত্থানের পর দেশের পরিবর্তনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, “এই পরিবর্তনের লক্ষ্য একটাই—দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠন। দুর্নীতিবাজদের দখলে সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলো চলে যাওয়ায় জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সমাজের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে নিগৃহীত।”

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই চলবে এবং এই সংগ্রামে জামায়াত জনগণের পাশে থাকবে। ডা. শফিকুর রহমান আরও বলেন, “ক্ষমতায় যারা থাকেন, তাদের জন্য সেবা দেওয়ার সুযোগ অবারিত থাকে। কিন্তু যদি তাদের মধ্যে জবাবদিহি, বিবেকবোধ ও দেশপ্রেম না থাকে, তাহলে তারা কেবল নিজেদের স্বার্থেই কাজ করেন। এটিই আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি।”

প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ভোটের অধিকার আসলে এক ধরনের ‘ভেটো পাওয়ার’। এটা আপনার হাতে থাকলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে, না থাকলে অন্যরা শুধু আপনাকে ব্যবহার করবে। তিনি প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যে জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা ও ‘সেভ বাংলাদেশ’-এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 32

আরো পড়ুন