Ridge Bangla

জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে নার্সদের সমাবেশ ও সড়ক অবরোধ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের সদস্যরা।

শনিবার (২২ নভেম্বর) সকালে অবরোধকারীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়ার পর পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাফিক পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে যানবাহনগুলোকে বিজয়নগর–কাকরাইল রুটে ডাইভারশন করে দেয়।

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ বলেন, সমাবেশের কারণে পল্টন মোড় থেকে যান চলাচল কাকরাইলমুখী রুটে নেওয়া হচ্ছে। তিনি জানান, আন্দোলনকারীরা আশ্বস্ত করেছেন যে তারা কিছু সময়ের মধ্যেই সড়ক ছেড়ে দেবেন।

সমাবেশে উপস্থিত আন্দোলনকারীরা অভিযোগ করেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব গুরুত্বপূর্ণ পদে জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদায়ন করা জরুরি। ১৯৭৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নার্স কর্মকর্তারাই শিক্ষা, প্রশাসন ও সেবা- সব ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু ২০১৬ সালের পর থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মহাপরিচালক ও পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় বদলি, পদোন্নতি, নিয়োগ ও উচ্চশিক্ষার ক্ষেত্রে নার্সদের নানামুখী হয়রানির শিকার হতে হচ্ছে বলে তারা দাবি করেন।

This post was viewed: 49

আরো পড়ুন