Ridge Bangla

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাতে হাজারো মুসল্লি অংশ নেন।

প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরাও অংশগ্রহণ করেন। বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদগাহ ময়দান পরিণত হয় মিলনমেলায়।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের আনন্দ ও ভ্রাতৃত্ববোধে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

ঈদ জামাতকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অযু ও নামাজের পৃথক ব্যবস্থা রাখা হয়। প্রায় সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।

এছাড়া মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত অযুখানা স্থাপন এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। সুন্দর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ঈদের প্রধান জামাত সম্পন্ন হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন