রাজধানীর জাতীয় ঈদগাহের পাশের সড়কের ফুটপাতের নিচে ড্রামের ভেতর পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় নিশ্চিত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিহত ব্যক্তির নাম আশরাফুল হক। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। মিলিয়ে দেখা হলে তার পরিচয় চূড়ান্তভাবে শনাক্ত হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ড্রাম থেকে উদ্ধার করা মাথা ও শরীরের কয়েকটি খণ্ডাংশের ভিত্তিতে পরিচয় নিশ্চিত করা গেছে। তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কীভাবে মরদেহের খণ্ডাংশ এখানে এনে ফেলা হয়েছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে। তিনি জানান, নিহত ব্যক্তির অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ এখনো উদ্ধার করা যায়নি।
এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে হাইকোর্টের দক্ষিণ পাশের পানির পাম্পসংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি একটি ড্রাম ফেলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পথচারীরা ড্রামটি সন্দেহজনক মনে করে খুলে দেখেন, তার ভেতরে রয়েছে এক ব্যক্তির মাথাসহ শরীরের খণ্ডিত অংশ। ভয়াবহ এই দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি জব্দ করে।
ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ বলছে, নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন সূত্র ধরে হত্যাকাণ্ডের কারণ ও অপরাধীদের শনাক্তে কাজ চলছে।