নানামুখী গুঞ্জন ও দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় পৌঁছান তিনি।
বিসিবির একাধিক পরিচালক তার দেশে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, বর্তমানে তিনি রাজধানীতেই অবস্থান করছেন এবং শিগগিরই বোর্ডের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হবেন।
বুলবুলকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে দেশের ক্রিকেট অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন চলছিল। বিশেষ করে রোজার আগে তিনি দেশ ছাড়ার পর তার ফেরার সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তিনি আদৌ দেশে ফিরবেন কি না কিংবা কবে ফিরবেন, এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট-সংশ্লিষ্ট মহলে।
এর আগে বোর্ড সূত্রে জানা গিয়েছিল, পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিসিবি সভাপতি ঈদ উদযাপন শেষে ২৬ বা ২৭ মার্চের মধ্যে দেশে ফিরতে পারেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তার দেশে না ফেরায় জল্পনা আরও জোরালো হয়। অবশেষে শনিবার গভীর রাতে দেশে ফিরে সব অনিশ্চয়তার অবসান ঘটান তিনি।