জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতের শিকার হয়ে এক কোচিং সেন্টারের পরিচালক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে নিহতের ভাইসহ আরও দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ছুরিকাঘাতে নিহত হওয়া চয়ন রাজভর (৪০) ফুলবাড়ি এলাকার বাসিন্দা। চয়ন স্থানীয় ‘দ্য নিউ কনটেস্ট’ নামে পরিচালিত এক কোচিং সেন্টারের পরিচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার সংলগ্ন একটি জমি নিয়ে চয়ন রাজভরের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার রাতে তারাবির নামাজের পর উভয় পক্ষের মধ্যে এই বিষয় নিয়ে পুনরায় কথা কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় চয়ন রাজভর বুকে ছুরিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গিয়ে তার ভাই নয়নও গুরুতর আহত হন।
স্থানীয়রা চয়নকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চয়নের ভাই নয়ন ও প্রতিপক্ষের আমিনুর ফকির ভিন্ন ভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, ঘটনার পর দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।