বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিজরী বরকতউল্লাহর জন্মদিন ১৫ নভেম্বর। বিশেষ এই দিনে বিজরীকে সঙ্গে নিয়ে তার স্বামী জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার গতকাল থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদেশে তারা একটি বিশেষ আয়োজনের মাধ্যমে জন্মদিন উদযাপন করবেন। অনুষ্ঠান শেষে ২৭ নভেম্বর দেশে ফিরবেন।
জন্মদিনের আনন্দের পাশাপাশি বিজরী ভক্তদের জন্য সুখবর দিয়েছেন। সম্প্রতি তিনি একটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তবে সিনেমার টিম তাকে বিস্তারিত তথ্য প্রকাশ করতে নিষেধ করেছে। বিজরী বলেন, চরিত্রটি আমার খুবই পছন্দের, সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।
বিজরীর অভিনয় জীবনের শুরু শিশুবেলায়। মাত্র আড়াই বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনের বাচ্চাদের অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়ান। এরপর ক্লাস সিক্সে থাকাকালীন ‘সুখের ছাড়পত্র’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে। পরবর্তীতে ধারাবাহিক নাটক ও প্যাকেজ নাটকে কাজ করে তিনি দর্শকদের মন জয় করেন।
জন্মদিন ও সিনেমায় অভিনয় প্রসঙ্গে বিজরী বলেন, “এবারের জন্মদিন থাইল্যান্ডে উদযাপন করছি, পুরোটা ক্রেডিটই দিনারের। তিনি খুব সুন্দর মনের মানুষ, সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এবং স্পষ্টবাদী। এই গুণগুলো আমার মনকে সবসময় নাড়া দেয়। পাশাপাশি সিনেমায় কাজ করায় খুব আনন্দিত, যদিও আপাতত বেশি কিছু বলতে পারছি না, তবে সিনেমাটি নিয়ে আশাবাদী।”