ভারতের অন্ধ্র প্রদেশে কমে যাওয়া জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘোষণা দিয়েছেন, দুই বা তার বেশি সন্তান জন্ম দিলে সংশ্লিষ্ট দম্পতিকে ২৫ হাজার রুপি করে আর্থিক প্রণোদনা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজ্য বিধানসভায় সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অন্ধ্র প্রদেশে জন্মহার উদ্বেগজনকভাবে কমে গেছে। বর্তমানে রাজ্যটির ‘টোটাল ফার্টিলিটি রেট’ (টিএফআর) মাত্র ১ দশমিক ৫, যা জনসংখ্যা প্রতিস্থাপনের প্রয়োজনীয় হার ২ দশমিক ১–এর অনেক নিচে।
নাইডু বলেন, এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে রাজ্যে কর্মক্ষম জনসংখ্যা কমে যেতে পারে এবং অর্থনীতির ওপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সরকার জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দিতে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, যে দম্পতির দুই বা তার বেশি সন্তান হবে, সন্তান জন্মের সময়ই তাদের হাতে ২৫ হাজার রুপি তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, চলতি মাসের মধ্যেই এই প্রকল্প কার্যকর করা হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের কয়েকটি রাজ্যে ইতিমধ্যে জন্মহার কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে ভবিষ্যতে শ্রমশক্তির ঘাটতি তৈরি হতে পারে। সেই আশঙ্কা থেকেই কিছু রাজ্য সরকার জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা পরিকল্পনা বিবেচনা করছে।