গাজীপুরের আলোচিত-সমালোচিত পাতারটেক জঙ্গি অভিযানের ঘটনায় প্রথমবারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা বিচারের আওতায় আসছেন। সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ মোট ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক ও জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তৎকালীন প্রধান মো. মনিরুল ইসলাম।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ অনুসন্ধানের পর তদন্ত সংস্থা মামলার প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা দেয়। যাচাই শেষে তা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। অভিযোগ গ্রহণ সংক্রান্ত শুনানির পর ট্রাইব্যুনাল পরবর্তী কার্যক্রমের দিন নির্ধারণ করবেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্ত ও তত্ত্বাবধানে একটি সাজানো ‘জঙ্গি নাটক’ পরিচালনা করা হয়। ওই ঘটনায় সাতজনকে হত্যা করে তা সন্ত্রাসবিরোধী অভিযানের নামে প্রচার করা হয়। তদন্তে উঠে আসে, নিহতরা বিচারবহির্ভূতভাবে প্রাণ হারান এবং পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল।