Ridge Bangla

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতার পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী হল সংসদের ভোটগ্রহণও অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসে পুলিশের পাশাপাশি রোভার স্কাউট ও বিএনসিসির সদস্য মোতায়েন রয়েছেন।

এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫ জন। কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদের ১৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী।

ভোটগ্রহণ শেষে ছয়টি গণনা মেশিনে ব্যালট গণনা করা হবে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ঘোষণা করা হবে এবং এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শন করা হবে।

নির্বাচনে প্রধান প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

This post was viewed: 17

আরো পড়ুন