Ridge Bangla

ছোট পর্দায় সাফল্যের পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

ছোট পর্দায় নিয়মিত অভিনয় ও সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ইউটিউব ও টেলিভিশনের বিভিন্ন নাটকে ব্যস্ত সময় পার করলেও এবার প্রায় ছয় বছর পর নতুন উদ্যমে রূপালি পর্দায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় ছবি ‘গোয়েন্দাগিরি’। তবে এর পর থেকে চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতির পর ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে আবারও আলোচনায় ফিরছেন তিনি।

তানিয়া বৃষ্টি জানান, নাটকে ব্যস্ত থাকার কারণেই এতদিন চলচ্চিত্রে কাজ করা হয়নি। তবে সবসময়ই মনে ছিল ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে ফিরবেন। সেই সুযোগই এসেছে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে।

পরিচালক সূত্রে জানা গেছে, ‘ট্রাইব্যুনাল’ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কোর্টরুম ড্রামা, যেখানে ন্যায়বিচার, নৈতিকতা ও রায়ের পেছনের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলা হবে। এটি একইসঙ্গে ক্রাইম থ্রিলার ঘরানারও একটি চলচ্চিত্র।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান এবং মিলন ভট্টাচার্যসহ আরও অনেকে।

তানিয়া বৃষ্টি বলেন, “ভালো গল্প আর মানসম্মত নির্মাণই আমাকে আবার সিনেমায় ফিরিয়ে আনছে। ‘ট্রাইব্যুনাল’-এর গল্প আমাকে ভীষণভাবে টেনেছে। আশা করছি, দর্শকরা নতুনভাবে আমাকে আবিষ্কার করবেন।”

This post was viewed: 31

আরো পড়ুন