ছুটির দিনেও সরকারি কাজে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর টানা তৃতীয় শনিবারও অফিস করেছেন তারেক রহমান। এদিন দুপুর ১২টার দিকে তিনি কার্যালয়ে পৌঁছান এবং দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। কার্যালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় দায়িত্ব পালন করেন।
দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার। বৈঠকে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং দেশ-বিদেশে বাজার সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধানমন্ত্রীর সঙ্গে আরেকটি বৈঠকে অংশ নেন। ওই বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমানো, দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জ্বালানি ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।