ভারতের যোধপুর কারাগারে প্রায় ছয় মাস বন্দী থাকার পর মুক্তি পেতে চলেছেন লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশক সোনম ওয়াংচুক। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা আইনে আটক ওয়াংচুককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে লেহ থেকে এই গান্ধীবাদী শিক্ষাবিদ ও পরিবেশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে নিয়ে যাওয়া হয় যোধপুরের কেন্দ্রীয় কারাগারে।
ওয়াংচুকের মুক্তির দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তার স্ত্রী গীতাঞ্জলি যে আংমো। তবে আদালতের রায় ঘোষণার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সরকারের বিবৃতিতে বলা হয়েছে, লাদাখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতেই তাকে আটক করা হয়েছিল। সরকার চায় লাদাখ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক এবং পারস্পরিক সমঝোতার পরিবেশ তৈরি হোক।
সেই লক্ষ্য বিবেচনায় নিয়েই সোনম ওয়াংচুককে আটক রাখার আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।