মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়ে সাগর (৩২) ও সানারুল (৩৪) নামে গোয়ালী মান্দ্রা বেদে সম্প্রদায়ের দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) রাতের দিকে উপজেলার সাতঘড়িয়া এলাকায় একটি ক্লিনিকে চুরির চেষ্টা চলাকালে তাদের দুজনকে আটক করেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করে। পিটুনির শিকার হয়ে ক্লিনিক থেকে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার কথা স্বীকার করেন তারা।
পরে বুধবার সকালে পুলিশ এসে আহত অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে হেফাজতে নেয়। এরপর চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থাতেই তারা মারা যান।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, গণপিটুনির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।