চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জাবেদা খাতুন (৪৫) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার জুরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি তামাকক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ধর্ষণের অভিযোগও উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাবেদা খাতুন উপজেলার দলিয়ারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত তুফান আলীর স্ত্রী। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ি থেকে পাশের মাঠে যান। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাতের দিকে গোপালপুর গ্রামের একটি তামাকক্ষেতে তার গলা কাটা ও কুপিয়ে জখম করা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার ও দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে।
নিহতের পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
ওসি মেজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।