Ridge Bangla

চার দফা দাবিতে শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শহিদ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এই কর্মসূচির সূচনা হয়।

দীর্ঘ এই পথযাত্রা শাহবাগ থেকে সায়েন্সল্যাব ও সিটি কলেজ এলাকা পেরিয়ে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী ঘুরে সন্ধ্যায় আবার শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

মিছিলে ১০টি পিকআপে করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল ‘Justice For Hadi’, ‘মার্চ ফর ইনসাফ’সহ বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড। কর্মসূচিতে উচ্চারিত স্লোগানগুলোর মধ্যে ছিল ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবির মধ্যে রয়েছে- খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা; বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল; ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা; এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।

This post was viewed: 19

আরো পড়ুন