বিএনপি ক্ষমতায় এলে দেশের চার কোটি পরিবারকে ‘ফ্যামেলি কার্ড’ প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে পরিবারপ্রতি মাসিক আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচতারকা হোটেলের কনফারেন্স রুমে তরুণ প্রজন্মের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি তরুণদের মতামত শোনেন এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও নীতিগত বিষয়ে দিকনির্দেশনা দেন।
তারেক রহমান বলেন, ফ্যামেলি কার্ডটি পরিবারের প্রধান নারী সদস্যের নামে ইস্যু করা হবে। এর মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি। এই উদ্যোগ দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।
তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কারিগরি শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হবে। একই সঙ্গে বিভিন্ন দেশের ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে তরুণরা আন্তর্জাতিক শ্রমবাজারে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী বলে জানা গেছে। মতবিনিময় সভা শেষে তারেক রহমান সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।